চিন্তার আরেক নাম ক্যানসার। আর যুক্তরাজ্যের জন্য খবরটা একেবারেই শুভ নয়। দেশটিতে প্রতি বছর চার লাখ তিন হাজারের বেশি মানুষের দেহে ধরা পড়ছে ক্যানসার। হিসেব বলছে, প্রতিদিন অন্তত ১ হাজার ১০০ জন নতুন রোগী শনাক্ত হচ্ছেন। আর আরও ভয়াবহ ব্যাপার হলো, প্রতি ৮০ সেকেন্ডে একজন করে ক্যানসার রোগী বাড়ছে সেখানে!
যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা কেন্দ্র ‘ক্যানসার রিসার্চ ইউকে’ (সিআরইউকে) গতকাল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা এই বাৎসরিক সংখ্যাকে ‘রেকর্ড’ বলছে। কারণ ইতিহাসে এর আগে এক বছরে বা এক দিনে এত সংখ্যক ক্যানসার রোগী শনাক্ত হওয়ার তথ্য নেই।
কিন্তু কেন বাড়ছে ক্যানসার রোগী? সিআরইউকে তাদের প্রতিবেদনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে। যেমন— গড় আয় বেড়েছে, বাড়ছে জনসংখ্যা। আরও বড় কারণ হচ্ছে স্থূলতা ও ধূমপান। বিশেষ করে ধূমপানের কারণেই যুক্তরাজ্যে প্রতি বছর ৫৭ হাজার ৭০০ জন ক্যানসারে আক্রান্ত হন। সেটা কী কম সংখ্যা!
তবে সব খবর যে খারাপ, তা কিন্তু নয়। উন্নত চিকিৎসার কল্যাণে ক্যানসার থেকে সেরে ওঠা রোগীর সংখ্যাও কম নয়। বর্তমানে যাঁরা চিকিৎসার কোর্স শেষ করছেন, তাঁদের অন্তত অর্ধেক আরও কমপক্ষে ১০ বছর বাঁচছেন।
গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে, ক্যানসারের যেসব কারণ প্রতিরোধযোগ্য, সেগুলোতে নজর দিলে, স্ক্রিনিং বা ক্যানসার পরীক্ষার কর্মসূচি বাড়ালে, আর যত দ্রুত সম্ভব রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করলে— ক্যানসার আক্রান্তের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব।
সংস্থার শীর্ষ নির্বাহী মাইকেল মিশেল এএফপিকে বলেছেন, “সুনির্দিষ্ট পরিকল্পনা ক্যানসারের এই বাড়বাড়ন্ত থেকে আমাদের মুক্তি দিতে পারে। কিন্তু শুধু পরিকল্পনা করলেই হবে না, সেটা বাস্তবায়নও করতে হবে।”
