ইরান যুদ্ধ নিয়ে এবার সরাসরি পুতিনের দরবারে হাজির হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৌঁছে গেছেন সৈয়দ আব্বাস আরাগচি।

আজ সোমবার ভোরে (রাশিয়ার স্থানীয় সময়) সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে নামে আরাগচির বিমান।

আর সোমবার দিনের শেষেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাকে আরাগচি বলেছেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করাই এই সফরের মূল লক্ষ্য। তবে পুতিনের সঙ্গে যুদ্ধের বর্তমান পরিস্থিতি পর্যালোচনারও দারুণ সুযোগ পাচ্ছি।”

উল্লেখ্য, গতকাল রোববার তিনি গিয়েছিলেন ওমানে। সেখান থেকে পাকিস্তান। আর পাকিস্তানে কয়েক ঘণ্টা অবস্থান করেই সরাসরি ছুটে যান সেন্ট পিটার্সবার্গে।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে তিন ধাপের নতুন প্রস্তাব দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, সেই প্রস্তাব নিয়েই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে গিয়েছিলেন আরাগচি। আর এখন রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গেও সেই যুদ্ধ পরিস্থিতি আর সম্ভাব্য সমাধান নিয়েই কথা বলবেন তিনি।

 

news