ইরানের জাঞ্জান প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা আর ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে দেশটির অভিজাত সেনা বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আর শুধু উদ্ধারই নয়, সেগুলো নিরাপদেও নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। খবর তাসনিম নিউজের।
সবচেয়ে মজার তথ্য হলো, এই ভাণ্ডারে ছিল ২ হাজার পাউন্ড ওজনের তিনটি বাংকারবিধ্বংসী বোমাও! অর্থাৎ মাটির গভীরেও যেগুলো ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় নিক্ষিপ্ত এই সব অবিস্ফোরিত অস্ত্র শনাক্ত করতে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট অভিযান চালায়। আর সবকিছু হয়েছে চলমান যুদ্ধবিরতির মধ্যেই।
ওই অস্ত্রের পরিমাণ শুনলে অবাক হয়ে যাবেন। ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্র অংশ (বোম্বেট) শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। সেগুলো শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে ফেলা হয়েছিল বলে দাবি আইআরজিসির।
শুধু বোমা নয়, উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্রও। মোট ৫২টি রকেট ধ্বংস করা হয়েছে। আর ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর সবার চোখ কাড়া ঘটনা হলো, ২ হাজার পাউন্ড ওজনের তিনটি মার্কিন জিবিইউ-৫৭ বাংকারবিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে। একই সময় আরও একটি বোমা নিষ্ক্রিয় করা হয়।
এ ছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জিবি-৩৯ ধরনের আরেকটি ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে। সব কটিই আধুনিক যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।
আইআরজিসি বলছে, এই বিপদজনক অস্ত্রগুলো সরিয়ে ফেলার মাধ্যমে বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা গেছে।
