যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন কোল অ্যালেনের বাড়ি ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়ির গ্যারেজের জানালাগুলো কালো কাপড় আর ভেতর থেকে ফয়েল টেপ দিয়ে ঢাকা। যা দেখে বেশ রহস্যই তৈরি হয়েছে!
সোমবার (২৭ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, আজই তাঁরা এই ব্যাপারটি লক্ষ্য করেছেন। এর আগে কখনো এমন কিছু চোখে পড়েনি।
এক প্রতিবেশী ভিন্স তেরাজ্জিনো তো সরাসরি বলেই দিলেন, ‘এটা আমাদের এলাকায় স্বাভাবিক ব্যাপার না। এখানে সাধারণত এমন কিছু ঘটে না।’
উত্তেজনা আরও বেড়েছে এফবিআই এলাকায় গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে। যদিও কর্তৃপক্ষ এখন বিস্তারিত কিছু জানাতে রাজি নয়।
প্রতিবেশীদের ভাষ্য, জানালার ভেতরে ফয়েল আর বাইরে কালো কাপড়— বাড়িটাকে ঘিরে রহস্যটা যেন আরও গভীর হয়েছে। ঘটনাটি তদন্তাধীন বলেই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজের সময় ভয়াবহ এক ঘটনা ঘটে। নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে এক বন্দুকধারী। তড়িঘড়ি করে ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। মাত্র ২১ মাসের ব্যবধানে এটি ছিল ট্রাম্পকে হত্যার তৃতীয় বড় প্রচেষ্টা।
