নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত বিলাসবহুল সুপারইয়ট ‘নর্ড’ অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই নৌযানটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বলেও জানা গেছে।

১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ এই সুপারইয়টটি দুবাই থেকে যাত্রা শুরু করে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে রওনা দেয়।

সাম্প্রতিক কয়েক মাসে এই প্রণালী দিয়ে চলাচল করা অল্প কয়েকটি বেসরকারি জাহাজের মধ্যে এটি একটি।

পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলেক্সেই মর্দাশভকে আনুষ্ঠানিকভাবে এই নৌযানের মালিক হিসেবে তালিকাভুক্ত করা হয়নি। তবে ‘নর্ড’-এর নথিতে দেখা যায়, ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, আনুমানিক ৫০ কোটি ডলারের (প্রায় ৩৭ কোটি পাউন্ড) বেশি মূল্যের এই সুপারইয়টটি শুক্রবার রাতে দুবাই থেকে যাত্রা শুরু করে এবং রোববার সকালে ওমানের রাজধানীর একটি ঘাট আল মুজে পৌঁছায়।

বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেকটাই কমে গেছে। সাধারণভাবে বৈশ্বিক অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় বসেছে ইরান।

 

news