তেলের দাম যে বাড়বেই– এমন আভাস মিলছেই! ইরানের বন্দর অবরোধ আরও কড়া করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই খবরে বৈশ্বিক বাজারে টানা বাড়ছে তেলের দাম।
বুধবার ভোরেই লাফিয়ে বাড়ল ব্রেন্ট ক্রুডের দাম। জুনের ডেলিভারির জন্য প্রতি ব্যারেল তেলের দাম বেড়েছে ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ। এখন যা দাঁড়িয়েছে ১১১.৭৮ ডলারে। একটানা অষ্টম দিনের মতো বাড়ছে এই সূচক!
শুধু ব্রেন্ট না, অন্য সূচকগুলোর দিকেও তাকান। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের জুন ফিউচারের দাম বেড়েছে ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ। এখন দাঁড়িয়েছে ১০০.৫০ ডলার। আগের দিনেও বেড়েছিল ৩.৭ শতাংশ। গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই দাম বাড়ার রেকর্ড দেখল বাজার।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ইরানের অর্থনীতি আর তেল রপ্তানি চেপে ধরতেই বন্দর দিয়ে জাহাজ চলাচল সীমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আর এতেই অস্থিরতা তৈরি হয়েছে বাজারে। ফলে বাড়তি দাম গুনতে হচ্ছে সবাইকে।
