সাগরে আবার জলদস্যুতার ঘটনা ঘটল। ইয়েমেনের উপকূল থেকে অজ্ঞাতপরিচয় এক সশস্ত্র দল একটি তেলের ট্যাংকার তুলে নিয়েছে। খবর পাওয়া গেছে, ট্যাংকারটি এখন সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার। ইয়েমেনের কোস্টগার্ড ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।
কোস্টগার্ড জানিয়েছে, সাবওয়া প্রদেশের উপকূল থেকে 'ইউরেকা' নামের এই ট্যাংকারটি দখল করা হয়। কীভাবে? প্রথমে সশস্ত্র লোকজন জাহাজে চড়ে বসে এবং দ্রুত পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তারপর তারা জাহাজটির দিক বদলে দেয় সোমালিয়ার দিকে।
কোস্টগার্ড আরও পরিষ্কার করে দিয়েছে, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীনেই কাজ করছে। আর হুতি বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা।
এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, ট্যাংকারটির অবস্থান তারা শনাক্ত করতে পেরেছেন। এবং সেটির ওপর নজরদারি চলছে ২৪ ঘণ্টা। জাহাজটির ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাহাজটিকে উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
