উত্তেজনার মধ্যেই বড় পদক্ষেপ নিল জর্ডান। সিরিয়ার ভেতরে বিমান হামলা চালাল তারা। দেশটির কর্তৃপক্ষ বলছে, সীমান্ত পেরিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ করতেই এই সামরিক অভিযান।
ঘটনাটি ঘটে রোববার ভোরে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন কিছু ঘাঁটি টার্গেট করে এই হামলা চালানো হয়। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, চোরাচালানকারীরা যেসব জায়গা ব্যবহার করত, সেগুলো ধ্বংস করাই ছিল তাদের মূল লক্ষ্য।
সেনাবাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদামঘর ও অবকাঠামো চিহ্নিত করে সেখানে নির্ভুল হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, এসব স্থান থেকেই জর্ডানে মাদক ও অস্ত্র ঢুকছিল।
তবে এই হামলায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিরিয়ার স্থানীয় সূত্র জানিয়েছে, সুয়াইদা প্রদেশের শাহবা এলাকার একটি স্থাপনায় এই হামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই স্থাপনায় অস্ত্র ও মাদক মজুত ছিল। হামলার পর ওই এলাকায় ড্রোন উড়তে দেখা গেছে এবং অ্যাম্বুলেন্সও যাতায়াত করছে।
