বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আসাম রাজ্যেও যেন পশ্চিমবঙ্গের ছবি দেখা যাচ্ছে। সেখানকার বিধানসভা নির্বাচনের ভোটগণনায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি।

আসামে মোট ১২৬টি বিধানসভা আসন। রাজ্যটিতে ভোটার সংখ্যা ২ কোটি ৪০ লাখের কিছু বেশি। গত ৯ এপ্রিল সেখানে ভোট হয়। আর আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টায়) শুরু হয়েছে গণনা।

প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তিন জোটে— বিজেপির এনডিএ, কংগ্রেসের ইন্ডিয়া জোট আর আম আদমি পার্টি–তৃণমূল–সমমনা দলগুলোর জোট এআইইউডিএফ। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও লড়ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ৯৬ আসনে এগিয়ে বিজেপি ও এনডিএ। কংগ্রেস ও তাদের ইন্ডিয়া জোট এগিয়ে ২৬ আসনে। এআইইউডিএফ এগিয়ে মাত্র দুটিতে। আর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী লিড নিচ্ছেন।

মোট প্রার্থী ছিলেন ৭২২ জন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীই ২৫৮ জন।

প্রায় ৪০ শতাংশ মুসলিম অধ্যুষিত আসাম একসময় কংগ্রেসের ঘাঁটি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ছিলেন কংগ্রেসেই। একাধিক মেয়াদে রাজ্যের মন্ত্রীও ছিলেন তিনি।

তবে সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে মতবিরোধের জেরে ২০১৪ সালের জুলাইয়ে কংগ্রেস ও রাজ্যসরকারের সব পদ ছাড়েন হিমন্ত। পরের বছর ২০১৫ সালের সেপ্টেম্বরে বিজেপিতে যোগ দেন। এরপর ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিজেপি। আর মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। এবার জিতলে আরও এক দফা মেয়াদ বাড়বে তাঁর।

 

news