মাত্র একটা ছবিই বুঝিয়ে দিচ্ছে পুরো গেমপ্ল্যান! হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি। ছবিতে তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকটি ‘উনো কার্ড’। মুখে হাসি। আর উপরে লেখা— ‘সবগুলো কার্ড আমার কাছে।’
আলজাজিরার প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যে জ্বলন্ত যুদ্ধ, হরমুজ প্রণালির উত্তেজনা আর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বাড়াবাড়ির মধ্যে এই ছবি ইরানের জন্য এক সুস্পষ্ট বার্তা ছাড়া আর কিছুই নয়।
এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, ইরান যদি কোনো ‘অসদাচরণ’ করে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সামরিক হামলার হুমকিও দিয়ে রেখেছেন তিনি।
ট্রাম্পের দাবি, ইরান এখনো গত কয়েক দশকের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। আর ইরানের দেওয়া নতুন ১৪ দফা প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ইরানের প্রস্তাবে ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি রাখা হয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ‘পরে’ করার কথা বলেছে তেহরান।
