ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর জন্য যুক্তরাষ্ট্র বড় একটা উদ্যোগ নিয়েছিল। নাম দেওয়া হয়েছিল ‘প্রোজেক্ট ফ্রিডম’। মার্কিন নৌবাহিনীর প্রহরায় জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পেরোতে সাহায্য করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। কিন্তু সেই প্রকল্পই আপাতত স্থগিত করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবরটা নিজেই নিশ্চিত করেছেন তিনি।
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’। মঙ্গলবার করা সেই পোস্টে তিনি লেখেন, “আমরা পরস্পরের সম্মতিতে সিদ্ধান্ত নিয়েছি যে, অবরোধ পুরোদমে কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না—তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, প্রোজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ ঠিক আগের মতোই বহাল থাকবে।
এই ঘোষণার পর দারুণ খুশি ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের পোস্টকে ‘ইরানের বিজয়’ হিসেবে দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে ‘ধারাবাহিক ব্যর্থতার’ কারণেই হরমুজ থেকে ‘পিছু হটছেন’ মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, আরব উপসাগর আর পারস্য উপসাগরকে যুক্ত করেছে ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি। এই পথ দিয়েই বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। সেই জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে হরমুজ পেরোতে সাহায্য করতেই গত ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন ট্রাম্প। আর মঙ্গলবার সেই প্রকল্পই স্থগিত করে দিলেন তিনি!
