আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়েছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ দিকের একটা অংশ অগভীর, পাথুরে আর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এই অংশটাই পড়েছে ওমান উপকূলে। সেখানেই আটকা পড়েছে জাহাজ দুটি।

ফার্স নিউজ বলছে, “বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির ওমান উপকূলের পাথুরে জায়গায় আটকে আছে যুক্তরাষ্ট্রের দুটি বাণিজ্যিক জাহাজ। এমন এলাকা থেকে জাহাজ সামনে বা পেছনে নেওয়া প্রায় অসম্ভব।”

এদিকে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদমাধ্যম এএফপি। তবে নৌবাহিনীর কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এই গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ বন্ধ করে দেয় ইরানের অভিজাত প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পরে আইআরজিসি জানায়—এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল করলেই হামলা করা হবে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল-জ্বালানির দামে প্রভাব পড়ে। কারণ বিশ্বের মোট জ্বালানি চাহিদার এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবহন হয়।

এর মধ্যে গত ১২ এপ্রিল ইরানের বন্দর ও হরমুজে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। এখনও এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দুই দেশের পাল্টাপাল্টি অবরোধের মধ্যে আটকে আছে।

 

news