হরমুজ প্রণালির কৌশলগত দ্বীপ কেশমে হঠাৎ বিকট শব্দ শোনা গেল! ইরান দাবি করেছে, একাধিক গুপ্তচর ড্রোন ভূপাতিত করার সময়ই এই আওয়াজ তৈরি হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে কোনো বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্ত করার পর সক্রিয় হয়ে ওঠে। তখন ওই ড্রোনগুলো মোকাবিলা করতে গিয়েই ওই বিকট শব্দ তৈরি হয়।
হরমুজ প্রণালিতে ইরানের এই কৌশলগত দ্বীপে বিস্ফোরণের গুঞ্জন ছড়িয়ে পড়ায় দ্রুত বিবৃতি দেয় দেশটি। জানিয়ে দেয়, আকাশ থেকেই প্রতিহত হয়েছে সব হুমকি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে। এমনকি সম্প্রতি তেহরানের আকাশেও ড্রোন শনাক্ত ও প্রতিহত করার খবর পাওয়া গেছে।
এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্রও বড় ধরনের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতি ও পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করা হয়েছে। তবে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।
বাংলাদেশ সময় বুধবার (৬ মে) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। ইরান এখন কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই তাকিয়ে বিশ্ব।
