আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত সিরি নিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল। আর সেই অভিযোগে ২৫ কোটি ডলার (প্রায় ২,৭৫০ কোটি টাকা) জরিমানা দিতে রাজি হয়েছে তারা। যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তি করতেই এই অর্থ দিতে হচ্ছে অ্যাপেলকে।
বুধবার (৬ মে) দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ২০২৪ সালের শেষ দিকে আইফোন বিক্রি বাড়াতে এমন কিছু এআই সুবিধার কথা প্রচার করেছিল অ্যাপেল, যা তখনো আসেনি। সেসব সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি। বরং আরও কয়েক বছর সময় লাগতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের বিজ্ঞাপন তদারকি সংস্থা বেটার বিজনেস ব্যুরো ন্যাশনাল এডভার্টাইজিং ডিভিশন (বিবিএনএএডি) জানিয়েছে, নতুন এআই-চালিত সিরি ব্যবহার নিয়ে অ্যাপেল ভুল ইঙ্গিত দিয়েছিল।
আদালতে জমা দেওয়া অভিযোগে অ্যাপেল কোনো দোষ স্বীকার করেনি। তবুও এই মামলায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আছে আইফোন ১৬, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই ডিভাইসগুলো ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রত্যেক গ্রাহক ডিভাইসপ্রতি ২৫ থেকে ৯৫ ডলার ক্ষতিপূরণ পেতে পারেন। অ্যাপেল এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তারা মিটিয়ে নিয়েছে, যাতে ক্রেতাদের পণ্য ও সেবা দেয়ায় কোনো বাধা না আসে।
ভোক্তাদের পক্ষে মামলা করা আইনজীবী রায়ান ক্লার্কসন বলেছেন, এই সমঝোতা চুক্তি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাঁর ভাষায়, ‘এআই প্রযুক্তির ক্ষেত্রে আমরা বড় একটা মোড়ে দাঁড়িয়ে। কোম্পানি ও নিয়ন্ত্রকদের সিদ্ধান্তই নির্ধারণ করবে প্রযুক্তি সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলছে।’
প্রসঙ্গত, ২০২৪ সালে এআই-সমর্থিত সিরির প্রচারে বড় বিজ্ঞাপন চালিয়েছিল অ্যাপেল। পরে এসব সুবিধা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বিজ্ঞাপন সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। আগামী ১৭ জুন নোয়েল ওয়াইজের আদালতে শুনানির মাধ্যমে এই সমঝোতা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
