মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এবার যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানাল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংযুক্ত আরব আমিরাতের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, গতরাতে সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো মিসাইল ও ড্রোন হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য।

এর আগে সোমবার আরব আমিরাত দাবি করে, তারা একাধিক ইরানি মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে। এই হামলায় দেশটির একটি গুরুত্বপূর্ণ তেল বন্দরও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মঙ্গলবার (০৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরীফ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে যুদ্ধবিরতি বজায় রাখা এবং তা সম্মানের সঙ্গে পালন করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আলোচনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পরিবেশ তৈরি করাও এখন সময়ের দাবি।

এদিকে পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের শরিক পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একই সুরে কথা বলেছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘নিউজডে’ প্রোগ্রামে তিনি বলেন, উভয় পক্ষের উচিত উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকা এবং কূটনৈতিক সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা।

জারদারি আরও জানান, পাকিস্তান এখনো দুই পক্ষের মধ্যে তথ্য আদান-প্রদান চালিয়ে যাচ্ছে এবং আস্থা তৈরির চেষ্টা করছে। তবে সাম্প্রতিক হামলার মতো ঘটনা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে বলেও তিনি সতর্ক করেন।

 

news