পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই জল্পনা যেন থামছেই না। শুভেন্দু অধিকারীর নাম জোরালোভাবে সামনে আসলেও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি বিজেপি। তবে এনডিটিভি সূত্রে খবর, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিধায়ক দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর শুভেন্দু অধিকারীকে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হতে পারে। কীভাবে? হাত তুলে সমর্থনের মাধ্যমেই!
সূত্রের খবর, বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর নাম প্রস্তাব করবেন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে সেই নাম ঘোষণা করবেন। এরপর শুভেন্দু, শমীক ও সুনীল বনসাল রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন।
শুধু তাই নয়, শনিবার (৯ মে) শপথ গ্রহণের পরিকল্পনাও করছে দলটি। দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ‘রবীন্দ্র জয়ন্তী’ হওয়ায় বিশেষ তাৎপর্য দেখছেন নেতারা। সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
এর আগে অমিত শাহ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন এক বাঙালি, যিনি বাংলায় জন্মেছেন, বাংলা মাধ্যমে পড়েছেন আর মাতৃভাষায় কথা বলেন। বিশ্লেষকদের মতে, এই সব শর্ত পুরোপুরি পূরণ করেন শুভেন্দু অধিকারী। এখন দেখার অপেক্ষা, শুক্রবারের বৈঠকেই কি নিশ্চিত হয় ‘সিংহাসন’ কাদের ভাগ্যে?
