পশ্চিমবঙ্গে আমূল বদল। ঘুরছে রাজনীতির চাকা। আর এই পালাবদলের পর বিজয়োৎসবের মেজাজে গেরুয়া শিবিরের সমর্থকেরা। কিন্তু সেই উৎসবের মাঠে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুলিশ। কারণ কয়েকটি ঘটনা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে।
ঢাকের তালে, আবির-গুলাল উড়িয়ে মিছিল করছে মানুষ। কিন্তু এর মাঝেই কেউ কেউ বুলডোজার বা জেসিবি নিয়ে মিছিল করায় বাড়ছে উদ্বেগ।
আর তাই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। বললেন, বিজয় মিছিলে কোনোভাবেই জেসিবি বা বুলডোজার ব্যবহার করা যাবে না। কেউ এই নির্দেশ না মানলে শুধু মিছিলে অংশ নেওয়াদের বিরুদ্ধেই নয়, সেই যন্ত্রের মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
পুলিশের বার্তা পরিষ্কার—উৎসব করতে কোনও বাধা নেই। তবে আইন মেনে, নিরাপত্তা বজায় রেখে। কেন এই নিষেধাজ্ঞা? কারণ ভারী যন্ত্রপাতি নিয়ে রাস্তায় নামলেই তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি।
ইতিমধ্যে শহর জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশ কমিশনার জানিয়েছেন, অনুমতি ছাড়া কোনো মিছিল বা শোভাযাত্রা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আটকানো হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেসিবি মালিকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে—যন্ত্র ভাড়া দিয়ে এমন মিছিলে দিলে বাজেয়াপ্ত করা হবে, সাথে আরও কঠোর আইনি পদক্ষেপ।
পুলিশ সূত্রের খবর, নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনা গুরুত্বের সঙ্গে নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে একাধিক ঘটনায় প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।
