তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠনের স্বপ্ন অধরাই রয়ে গেল থালাপতি বিজয়ের। তাঁর দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার ১১৮।
এরই মধ্যে কংগ্রেস সমর্থন জানালে টিভিকের আসন সংখ্যা দাঁড়ায় ১১৩-এ। কিন্তু বিজয় নিজে দুটি আসনে জিতেছেন বলে একটি আসন ছেড়ে দিতে হবে। তাতে আসন কমে দাঁড়ায় ১১২। অর্থাৎ সরকার গঠনে এখনও ৬ আসন কম।
এ অবস্থায় আজ বৃহস্পতিবার (৭ মে) চেন্নাইয়ে রাজ্যপালের সঙ্গে দ্বিতীয়বার দেখা করেন থালাপতি বিজয়। কিন্তু ১১৮ জনের সমর্থনের জোগান না থাকায় তাঁকে আবারও ফিরিয়ে দেওয়া হয়। গতকালও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে।
এবার অবশ্য পাল্টা অভিযোগ উঠল কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে। তামিলনাড়ুর আরেক দল ভিসিকের প্রধান থোল. থ্রিরুমাভালাভান সরাসরি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি তামিলনাড়ুর রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এই হস্তক্ষেপেই রাজ্যপাল বিজয়কে সরকার গঠন করতে দিচ্ছেন না বলে অভিযোগ তাঁর।
থ্রিরুমাভালাভান জানান, বিজয়ের দল থেকে সরকারে যোগ দেওয়ার চিঠি তারা পেয়েছেন এবং দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, "বিজয়কে এখন সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত। তিনি পরে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। কিন্তু রাজ্যপাল বিজেপির চাপে সেটা করতে দিচ্ছেন না।"
এই নেতার ভাষ্য, "বিজেপি, মোদি ও অমিত শাহ তামিলনাড়ুর রাজনীতিতে হস্তক্ষেপ করে বিভ্রান্তি তৈরি করছেন। বিজয়ের টিভিকেকে একক দল হিসেবে বেছে নিয়েছে সাধারণ মানুষ। তাই তাদের ক্ষমতায় আসতে দেওয়া উচিত।"
তিনি আরও জানান, "সংবিধান বলে সর্বোচ্চ আসন পাওয়া দল সরকার গঠন করবে। বিজয় যখন সমর্থন চাইছেন, তখন রাজ্যপাল কেন কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না? তিনি টিভিকেকে সমর্থনকারীদের তালিকা চাইতে পারেন না। উনি বলতে পারেন না, ‘১১৮ জনকে আমার সামনে হাজির করুন, তারপর শপথ নিতে আসুন’।"
এখন দেখার বিষয়, ভিসিকের মতো অন্য কেউ কি বিজয়ের হাত বাড়িয়ে দেন, নাকি আবারও খালি হাতে ফিরতে হবে তাঁকে?
