যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নিচ দিয়ে উড়তে থাকা একটি বোয়িং ৭৬৭ বিমান হঠাৎ করেই একটি ট্রাককে ধাক্কা মারে। প্রায় বিপর্যয়ের মুখে পড়েও অলৌকিকভাবে বেঁচে যান বিমানের সব যাত্রী। আর সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই দুর্ঘটনার ভিডিও।

জানা গেছে, নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বোয়িং ৭৬৭ বিমানটি নিচু দিয়ে যাচ্ছিল। তখনই রাস্তায় থাকা একটি বেকারি পণ্যের ট্রাকের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। ভয়াবহ এই সংঘর্ষে ট্রাকটি তছনছ হয়ে যায়।

বিমানের ল্যান্ডিং গিয়ারের একটা চাকা সজোরে ট্রাকের জানালা আর উইন্ডশিল্ড ভেদ করে ভেতরে চলে যায়। চারদিকে কাঁচের ছিটেফোঁটা। আর ট্রাকের চালক বোর্ডলি জুনিয়রের হাত ও বাহুতে গুরুতর আঘাত লাগে। কিন্তু কী অদ্ভুত! এত বড় দুর্ঘটনার পরও তিনি প্রাণে বেঁচে যান। কিছুক্ষণ পরই তিনি ফোন করেন তাঁর বাবাকে।

বাবা ওয়ারেন বোর্ডলি সিনিয়র বক্সিং জগতের নামকরা ব্যক্তি। তিনি বক্সিং হল অব ফেমের সদস্য। তিনি জানান, “ছেলে এতটাই আতঙ্কিত ছিল যে কী বলবে বুঝতে পারছিল না। ফোন করে বলল, প্লেন এসে আমাকে ধাক্কা দিয়ে গেছে। শুনে আমারও বিশ্বাস হয়নি!”

চালকের বাবা আরও জানান, ছেলের সারা শরীর ব্যথায় ভেঙে পড়েছে। মাথায় ও শরীরের ভেতরেও আঘাত লেগেছে। তবে এখন শুধু কৃতজ্ঞতা যে সে বেঁচে আছে। শারীরিক কষ্ট হয়তো একদিন সারবে, কিন্তু মানসিক ধাক্কা অনেক দিন থাকবে।

তিনি বলেন, “পৃথিবীর সব কিছুর জন্য মানুষ প্রস্তুত থাকতে পারে, কিন্তু একটা বিমান এসে ট্রাকের গায়ে চড়ে বসবে—এটা কেউ ভাবতেই পারে না। অন্য কোনো গাড়ির ভুল ধরতে পারব, কিন্তু প্লেনের জন্য কী প্রস্তুতি থাকবে?”

ঘটনার পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। তারা দেখছে—ফ্লাইটটা ঠিকমতো নিয়ন্ত্রণে ছিল কি না, আবহাওয়া কেমন ছিল, কোনো মানবিক ত্রুটি ছিল কিনা, ক্রু ম্যানেজমেন্ট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সঠিক ছিল কি না।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং কোনো যাত্রী বা ক্রু সদস্য এতে আহত হননি।

 

news