হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। চলমান যুদ্ধবিরতির মাঝেও গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে প্রণালিটি শান্ত রয়েছে বলে উভয় পক্ষই দাবি করেছে।

ইরানের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশের সময় তাদের দুটি জাহাজকে লক্ষ্য করে গোলা ছুড়েছে মার্কিন নৌবাহিনী। এর মধ্যে একটি ট্যাংকার জাহাজ ও একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ ছিল। একই দিন মার্কিন সেনারা পারস্য উপসাগরের কেশম দ্বীপ এবং ইরানের খামির সিরিক সমুদ্রবন্দরে বিমান হামলা চালিয়েছে।

জবাবে ইরান হরমুজ প্রণালি ও চাবাহার বন্দরের কাছে মার্কিন নৌবাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টার্স দাবি করেছে, তাদের হামলায় মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, টহলরত তাদের জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, যা থেকেই উত্তেজনা শুরু। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ইরান তাদের তিনটি ডেস্ট্রয়ার জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্পিডবোট ব্যবহার করেছে। তবে কোনো আক্রমণ সফল হয়নি এবং মার্কিন নৌবাহিনীর কোনো সম্পদের ক্ষতি হয়নি।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের প্রেস টিভি জানিয়েছে, দেশটির দ্বীপ, উপকূলীয় এলাকা ও হরমুজ প্রণালিতে আবার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
এটি যুদ্ধবিরতির মধ্যে প্রথম ঘটনা নয়। এর আগে সোমবার ইরানের ৬টি স্পিডবোট ধ্বংস করে মার্কিন বাহিনী। জবাবে ইরান মার্কিন নৌবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে যুক্তরাষ্ট্রের অ্যান্টি-মিসাইল সিস্টেম তা আটকে দেয়।

 

news