তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েও সরকার গঠন করতে পারছে না থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কোজাগাম (টিভিকে)। সাংবিধানিক জটিলতায় আটকে গেছে তাদের পথ। এর মধ্যেই ডিএমকে ও এআইডিএমকে জোট বেঁধে টিভিকেকে ক্ষমতার বাইরে রাখার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি এমন জটিল যে, বিজয়ের দল এখন পদত্যাগের হুমকি দিয়েছে। বিজয় নিজে এখনও মুখ না খুললেও টিভিকের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন— যদি ডিএমকে ও এআইডিএমকে জোট করে সরকার গড়ে, তাহলে বিজয়সহ তাদের ১০৭ জন নির্বাচিত বিধায়ক সবাই একসঙ্গে পদত্যাগ করবেন।

টিভিকের এক জ্যেষ্ঠ নেতা ইন্ডিয়া টুডেকে বলেন, “জনরায় খণ্ডিত, কিন্তু বৃহত্তম দলকে অবহেলা করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তামিলনাড়ু বিধানসভায় মোট ২৩৪টি আসন। সরকার গঠন করতে হলে দরকার কমপক্ষে ১১৮টি আসন। টিভিকে একাই পেয়েছে ১০৭টি— যা একক দল হিসেবে সর্বোচ্চ। কংগ্রেসের সঙ্গে জোট করে তাদের মোট হয়েছে ১১২টি, এখনও ৬টি আসন কম।

অন্যদিকে ডিএমকে পেয়েছে ৫৯টি ও এআইডিএমকে ৪৭টি আসন। তবে ছোট ছোট দলগুলোর সঙ্গে জোট মিলিয়ে ডিএমকে জোটের আসন দাঁড়িয়েছে ৬৮টি এবং এআইডিএমকের ৫৩টি। দুই দল মিললে মোট ১২১ আসন— যা সহজেই সরকার গঠনের জন্য যথেষ্ট।
গত ৬ মে বুধবার বিজয় কংগ্রেস নেতাদের নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। কিন্তু রাজ্যপাল তাকে ১১৮ জনের সমর্থন নিয়ে আসতে বলে ফিরিয়ে দেন।

এদিকে খবর এসেছে, ডিএমকে ও এআইডিএমকে গোপনে জোট নিয়ে আলোচনা চালাচ্ছে। ডিএমকের এক উচ্চপর্যায়ের সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আলোচনা চলছে এবং জোট হলে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এআইডিএমকের এড়াপাদ্দি কে. পালানিস্বামী।
এই খবর ছড়িয়ে পড়তেই টিভিকে পদত্যাগের হুমকি দিয়েছে। যদি সত্যিই তারা পদত্যাগ করে, তাহলে তামিলনাড়ুতে ফের নতুন বিধানসভা নির্বাচন ছাড়া কোনো উপায় থাকবে না।

 

news