হায়দরাবাদের মালকাজগিরির নারী পুলিশ কমিশনার সুমতি নারীদের নিরাপত্তা নিয়ে বাস্তব পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছেন।
নারীরা রাতে রাস্তায় কতটা নিরাপদ সেটা নিজে দেখতে চেয়েছিলেন তিনি। তাই একদিন রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছদ্মবেশে একা একটি বাসস্টপে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু মাত্র তিন ঘণ্টার মধ্যেই অন্তত ৪০ জন পুরুষ তাকে হেনস্তা করার চেষ্টা করেছে। তাদের বেশিরভাগই মদ ও গাজা খেয়ে মাতাল অবস্থায় ছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যারা হেনস্তা করতে এসেছিল তাদের অধিকাংশই তরুণ। অনেকে শিক্ষার্থী এবং চাকরিজীবী। কেউই জানত না যে ছদ্মবেশে থাকা এই নারী আসলে পুলিশ কমিশনার।
পরে তাদের শনাক্ত করে আটক করা হয়। তবে কাউকে শাস্তি না দিয়ে কাউন্সেলিং করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে প্রায় ২৫ বছর আগে, যখন তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ছিলেন, তখনও একটি রেলস্টেশনে একই ধরনের পরীক্ষা চালিয়েছিলেন সুমতি।
সুমতি তেলেঙ্গানার একজন আইপিএস অফিসার। তিনি রাজ্য গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে তিনি হায়দরাবাদের মালকাজগিরি এলাকার পুলিশ কমিশনারের দায়িত্বে আছেন।

 

news