বেইজিং: হরমুজ প্রণালির কাছে চীনা নাবিকদের বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বড়সড় প্রতিক্রিয়া জানিয়েছে চীন। শুক্রবার (০৮ মে) নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এখন পর্যন্ত যা জানা গেছে, হামলার শিকার ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং সেখানে চীনা নাবিকরাও ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো নাবিক হতাহত হওয়ার খবর নেই।
রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালির কাছেই চীনের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়।
শুক্রবারের ব্রিফিংয়ে এক সাংবাদিক চীনের কাছে এই ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। পাশাপাশি প্রশ্ন তোলেন, অঞ্চলে চীনা জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেবে বেইজিং?
জবাবে লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। সেখানে চলমান সংঘাতের কারণে অনেক জাহাজ ও নাবিক ক্ষতিগ্রস্ত হওয়া এবং আটকা পড়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
তিনি আরও বলেন, দ্রুত প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা এবং বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের বিষয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে চীন। একই সঙ্গে যুদ্ধবিরতি, শান্তি আলোচনা এবং প্রণালিতে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে বেইজিং।
