আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির ওপর চাপানো ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করে দিয়েছে ফেডারেল আদালত। একইসঙ্গে যারা মামলা করেছিল, তাদের কাছ থেকে আদায় করা শুল্ক ফিরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে তাদের ওপর এই শুল্ক আর চাপানো যাবে না বলেও আদেশ দিয়েছে আদালত। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত জানিয়েছে, ১৯৭৪ সালের ট্রেড আইন অনুযায়ী এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই।

আদালতের মতে, সরকার যতটা বাণিজ্য ঘাটতির কথা বলছে, পরিস্থিতি সেটা এতটা জটিল পর্যায়ে পৌঁছায়নি, যার ভিত্তিতে এই ধরনের শুল্ক বৈধতা পেতে পারে।

রায়ে আরও বলা হয়েছে, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় বন্ধ করতে হবে এবং আগে নেওয়া টাকা ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে জুলাই পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকতে পারে।

আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছে, এই মামলায় সেই শর্তগুলো পূরণ হয়নি। ফলে ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে।

বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা বেশ সীমিত হয়ে এসেছে। তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল ভাবছে।

এদিকে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।

 

news