বৈরুতের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরাইলি হামলা এবং দক্ষিণ লেবাননে চলমান আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম এলাকায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসরাইলি শহর নাহারিয়ার দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
কয়েক ঘণ্টা পর ইরান-সমর্থিত এই গোষ্ঠী আরও দাবি করে, উত্তর ইসরাইলের আরেকটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব হামলা ছিল ইসরাইলের আগের আক্রমণের সরাসরি পাল্টা জবাব।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম হামলার সময় উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার দক্ষিণাঞ্চলের চারটি এলাকায় ইসরাইলি হামলায় দুই শিশু ও তিন নারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
লেবাননের সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হামলায় তাদের একজন সদস্যও প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণাঞ্চলে তাদের এক অভিযানে হিজবুল্লাহ-সমর্থিত লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেডের এক সদস্য নিহত হয়েছেন, যিনি উদ্ধারকর্মী হিসেবেও কাজ করতেন।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় দক্ষিণ লেবাননের কয়েকটি শহর ও গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।
