ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এমনটাই ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত একাধিক সূত্রের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বর্তমান শাসনব্যবস্থার ক্ষমতার কাঠামো এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, মোজতবা খামেনি দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ পরিচালনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার দিকনির্দেশনা দিচ্ছেন।
যুদ্ধের শুরুর দিকে এক হামলায় তার বাবা এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক নেতা নিহত হন। এরপর আরেক হামলায় গুরুতর আহত হন মোজতবা খামেনি। সেই ঘটনার পর থেকেই তার স্বাস্থ্য ও নেতৃত্বে ভূমিকা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
সূত্রগুলো আরও জানিয়েছে, যুদ্ধবিরতি এক মাসের বেশি সময় ধরে চললেও ট্রাম্প প্রশাসন এখনো কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সময়ে ইরানও মার্কিন হামলার ক্ষতি কাটিয়ে ওঠার কাজ করছে এবং কয়েক মাস পর্যন্ত অবরোধ সহ্য করার সক্ষমতা ধরে রেখেছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা।
