লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক উদ্ধারকর্মীও রয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের তুরা শহরে চালানো পৃথক এক হামলায় আরও চারজন নিহত হন। তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

এছাড়া নাবাতিয়েহ, বিনতে জুবেইল এবং সাইদা জেলার বিভিন্ন এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এই হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন আগামী ১৪ ও ১৫ মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার ঠিক আগমুহূর্তে এই হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

যদিও হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে দাবি করা হয়, তবে বাস্তবে দক্ষিণ লেবাননে সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ চালিয়ে যাচ্ছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার জবাবে তারা ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, নাহারিয়া শহরের দক্ষিণে অবস্থিত একটি ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা করা হয়।

এদিকে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

news