যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দাবি থাকলেও বাস্তবে রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে। ফলে মস্কো ও কিয়েভ—দুই দিকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনী এক হাজারেরও বেশি হামলা চালিয়েছে। তাদের অভিযোগ অনুযায়ী, এসব হামলায় আর্টিলারি ও শত শত ড্রোন ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া শতাধিক হামলা চালিয়েছে। তার দাবি অনুযায়ী, ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে ৮৫০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইউক্রেন আরও জানিয়েছে, ৬ মে থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রেখেছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের নতুন যুদ্ধবিরতি কার্যকর হবে। ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে তিনি ঘোষণা দেন।

এই সময়ের মধ্যে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়। পাশাপাশি দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে বলেও উল্লেখ করা হয়।

তবে মাঠপর্যায়ের এই পাল্টাপাল্টি হামলার অভিযোগে শান্তি প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

news