সৌদি আরব ইস্যুকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানকে উদ্দেশ করে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বহু বড় ত্যাগ স্বীকার করেছে এবং রিয়াদের প্রতি ইসলামাবাদের অঙ্গীকারকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়।
বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত পয়গামে ইসলাম সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ইসহাক দার রিয়াদ-ইসলামাবাদ প্রতিরক্ষা চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বাহ্যিক যেকোনো হুমকির ক্ষেত্রে সৌদি আরবকে “নো-গো জোন” হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনাগুলোতে সাম্প্রতিক ইরানি হামলার প্রসঙ্গ টেনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইসরাইল ইরানের ওপর হামলা চালালেও তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামি দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
