হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক কর্মকাণ্ডের সম্ভাব্য ভয়াবহ পরিণতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মহাসচিব ও সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত দুটি ইরানি ট্যাংকারের ওপর মার্কিন হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, গত ৭ মে জাস্ক বন্দর ও হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় দুটি ইরানি ট্যাংকারকে লক্ষ্য করে মার্কিন সশস্ত্র বাহিনী যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।

তিনি আরও জানান, এই “আগ্রাসী ও উস্কানিমূলক” কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন, যা নির্ধারিত যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে ইরানের দাবি।

ইরানের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তথাকথিত নৌ অবরোধ, বাণিজ্যিক জাহাজে হামলা, জাহাজ জব্দ এবং নাবিকদের আটক করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে।

ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার অনুযায়ী নিজের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

একই সঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান, যেন যুক্তরাষ্ট্রের এই অবৈধ কর্মকাণ্ডের সুস্পষ্ট নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য চাপ সৃষ্টি করা হয়।

 

news