পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে ওমান সালতানাত তাদের ভিসানীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। দেশটিতে এখন থেকে নির্বাচিত কয়েকটি দেশের নাগরিকরা বিনা খরচে ১৪ দিনের পর্যটন ভিসা পাবেন। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ভ্রমণ সহজ করতে এবং পর্যটন খাতকে উৎসাহিত করতে ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করেছে ওমান কর্তৃপক্ষ ।

রোববার (২ আগস্ট) রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জারি করা হয়। পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শরাইকি স্বাক্ষরিত এই আদেশ সরকারি গেজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হয়েছে। নতুন বিধান অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য দেশগুলোর নাগরিকরা এই সুবিধা পাবেন ।

বিশেষ আকর্ষণ হলো, এই ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দর্শনার্থীরা প্রযোজ্য শর্ত ও ফি পরিশোধের মাধ্যমে এটিকে অন্য যেকোনো ধরনের পর্যটন ভিসায় রূপান্তর করতে পারবেন। সংশোধনীগুলোর মাধ্যমে নির্বাহী প্রবিধানের ১০ নম্বর ধারায় নতুন ভিসা বিভাগ যুক্ত করা হয়েছে এবং ২৯ নম্বর ধারার অধীনে প্রবেশ ভিসার আনুষ্ঠানিক তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন এই ঘটনা গুরুত্বপূর্ণ

তেল-নির্ভর অর্থনীতি থেকে বৈচিত্র্য আনার লক্ষ্যে ওমানের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি পর্যটনকে তাদের ‘ভিশন ২০৪০’ অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে। বিনামূল্যের ভিসা প্রবর্তনের মাধ্যমে ওমান কেবল আরও বেশি পর্যটক আকর্ষণ করতে চায় না, বরং তারা প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সাথে পর্যটন খাতে প্রতিযোগিতায় টেক্কা দিতেও প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রয়েছে ইউনেস্কো-স্বীকৃত ব্যাট, আল-খুতম ও আল-আইন প্রত্নতাত্ত্বিক স্থল, মনোমুগ্ধকর সৈকত ও সবুজ পাহাড়ি অঞ্চল। কোভিড-পরবর্তী বিশ্বে পর্যটকরা যেমন খরচ সাশ্রয়ী গন্তব্য খুঁজছেন, তেমনি ওমানের এই উদার ভিসানীতি আঞ্চলিক পর্যটন শিল্পে নতুন গতিশীলতা সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তবে কর্তৃপক্ষ এখনও যোগ্য দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। কোন দেশের নাগরিকরা এই বিনামূল্যের ভিসা সুবিধা পাবেন, তা নিয়ে এখনো স্পষ্টতা না আসায় ভ্রমণপিপাসুদের মধ্যে কৌতূহল রয়েছে।

Walton Ads