তুরস্কে কিশোরীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করল বাংলাদেশি দল
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এরই মধ্যে তারা ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছেন। এ ছাড়া তিন জনের মরদেহ উদ্ধার করেছেন তারা।
বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। পরদিন তারা দেশটির আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছান। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে বাংলাদেশের ফায়ার সার্ভিস, সেনা সদস্য ও চিকিৎসকসহ ৬০ সদস্যের একটি দল বর্তমানে তুরস্কে অবস্থান করছে। দলটিতে ফায়ার সার্ভিসের ১২ সদস্য, সেনাবাহিনীর ২৪ জন এবং ১০ জন চিকিৎসক রয়েছেন।
সোমবার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াজুড়ে হাজার হাজার ভবন ধসে পড়ে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই প্রাণহানি প্রায় ১৯ হাজার। ভয়াবহ এ ভূমিকম্পের পরই বাংলাদেশ সরকার ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাতে তৎপর হয়।
ভূমিকম্পে দুই দেশে ব্যাপক প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোকও পালন করে বাংলাদেশ।
এদিকে তুরস্কের পাশাপাশি ভূমিকম্পে বিপর্যস্ত সিরিয়াতেও ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ত্রাণ সহায়তা হিসেবে বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ দেয়া হয়েছে। ত্রাণ সামগ্রী নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর একটি সি-১৩০ উড়োজাহাজের সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। এই মিশনের নেতৃত্বে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।
এনবিএস/ওডে/সি