শ্রীলঙ্কার এলটিটিইর প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণ জীবিত, দাবি তামিল নেতার

২০০৯ সালের ১৮ মে শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে মৃত ঘোষণা করেছিল শ্রীলঙ্কা সরকার। কিন্তু প্রায় ১৪ বছর ওয়ার্ল্ড তামলিস কনফেডারেশনের সভাপতি পাজা নেদুমারান দাবি করেছেন, এলটিটিই প্রধান জীবিত ও সুস্থ আছেন। খুব দ্রুতই তিনি জনসমক্ষে আসবেন। তিনি বলেছেন, বিশ্ববাসীর কাছে এই ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। তামিল ইলমের জন্য তিনি তার পরিকল্পনা ঘোষণা করবেন।

শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকরণ। দ্বীপ দেশটিতে তামিল জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এই যুদ্ধে সেনাবাহিনীর এক অভিযানের পরই তাকে মৃত ঘোষণা করা হয়। এত বছর পর এসে এমন ঘোষণার কারণ জানতে চাইলে নেদুমারান বলেন, শ্রীলঙ্কায় সিংহল গণবিক্ষোভের পর রাজাপক্ষে সরকারের পতন একটি অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। তার জনসমক্ষে আসার জন্য এটিই মোক্ষম সময়।

২০০৯ সালে শ্রীলঙ্কার সরকার প্রভাকরণকে মৃত ঘোষণা করার পর একটি মরদেহের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করা হয়। তখন অনেকেই বলেছিলেন, এসব ছবি ও ভিডিও আসল নয়, জোড়াতালি দিয়ে তৈরি করা। আবার অন্যরা বলেছিলেন, একটি চুক্তির অংশ হিসেবে আত্মসমর্পণ করতে আসলে এলটিটিই নেতাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গুলি করে হত্যা করা হয়।

এলটিটিই একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। ২০০৯ সালে শ্রীলঙ্কার সামরিক বাহিনী চূড়ান্ত অভিযান চালিয়ে এলটিটিইকে পরাজিত করে। অভিযোগ ওঠে, ওই অভিযানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল। অবশ্য এলটিটিই নেতা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি নেদুমারান।

এনবিএস/ওডে/সি

Walton Ads