মোদির পাশে দাঁড়ালেন ঋষি সুনাকের দলের এমপি
ব্রিটেনের কনজভারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান
দু’দশক আগে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এ। মুসলিমবিরোধী ওই দাঙ্গায় হাত ছিলো মোদির, এমনই ইঙ্গিত করা হয়েছে তাতে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তথ্যচিত্রটি নিয়ে শুরু থেকেই আপত্তির কথা জানিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধও করা হয়েছিল তথ্যচিত্রটি। একে ‘অপপ্রচার’ আখ্যা দিয়ে দাবি করা হয়েছিল, এই তথ্যচিত্র ঔপনিবেশিক মানসিকতা থেকে তৈরি হয়েছে। যদিও বিবিসির দাবি, যথেষ্ট গবেষণা করে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।
মোদি সরকারের ওই পদক্ষেপকে বিরোধী দলের নেতারা ‘সেন্সরশিপ’ বলে আখ্যা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার পরও ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো হচ্ছে। বিবিসি-র এই তথ্যচিত্র নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও।
এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়েছেন বিবিসির মাতৃভূমি ব্রিটেনের রাজনীতিবিদ বব ব্ল্যাকম্যান। কনজারভেটিভ দলের এই এমপি মঙ্গলবার বলেছেন, মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র সম্পূর্ণ অতিরঞ্জিত। বিবিসির মতামত একান্তই নিজস্ব, তা কোনোভাবেই ব্রিটিশ সরকারের মতামতকে উপস্থাপন করে না। তথ্যচিত্রটি অনৈতিক ভাবে তৈরি করা হয়েছে। ভারত ব্রিটেনের বন্ধু।
মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত সেই সহিংসতার বিষয়ে ব্ল্যাকম্যান আরো বলেন, দুই পর্বের তথ্যচিত্র খারাপ সাংবাদিকতার ফসল। খারাপ ভাবে গবেষণা করে এটি তৈরি করা হয়েছে।
অবশ্য এর আগে বিভিন্ন সময়ে ইসলামবিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ব্ল্যাকম্যান। পাশাপাশি হিন্দুত্ববাদী সংগঠনগুলির সঙ্গে তার বিশেষ সখ্যের কথাও বার বার এসেছে সংবাদমাধ্যমে।
এর আগে ২৫ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া ‘গণহত্যা’ সম্পর্কে মানুষকে শিক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্ল্যাকম্যান। তিনি বলেছিলেন, আমি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ৩৩ বছর স্মরণের শোকসভায় গিয়েছিলাম। আমরা জনগণকে এই নৃশংসতার বিষয়ে জানিয়ে যাব, যা ১৯৯০ সালে অনেক কাশ্মীরি পণ্ডিতকে ঘর ছাড়তে বাধ্য করেছিল।
এনবিএস/ওডে/সি