তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৭০ লাখ শিশু নিয়ে ইউনিসেফের উদ্বেগ

ইউনিসেফ বলছে, এ দুটি দেশে ভূমিকম্পে এমন অনেক শিশুই হয়তো বেঁচে থাকবে, যারা আর মা-বাবাকে ফিরে পাবে না। দুটি দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২ কোটির বেশি। এর মধ্যে ৭০ লাখই শিশু। ইউনিসেফ বলছে, সেখানে হাজার হাজার শিশু মারা যেতে পারে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, তুরস্কে ১০টি প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৪৬ লাখ। আর সিরিয়ায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ২৫ লাখ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দুই দেশে ঠিক মৃতের সংখ্যা কত, তা এখনো জানা যায়নি। এ ছাড়া ঠিক কত হাজার শিশু মারা গেছে, সেটাও জানা যায়নি। জেমস এল্ডার বলেন, ইউনিসেফ আশঙ্কা করছে, সেখানে হাজার হাজার শিশু মারা গেছে।

সেখানকার বিয়োগান্ত চিত্রতে এটা পরিষ্কার যে মৃতের সংখ্যা বাড়বেই। তিনি এটাও আশঙ্কা প্রকাশ করেছেন, এই উদ্ধার অভিযান শেষে মৃতের এমন একটি সংখ্যা জানা যাবে, যা হবে ‘বেদনায় বিহ্বল’ করার মতো।

জেমস এল্ডার বলেন, সিরিয়া ও তুরস্কে ক্ষতিগ্রস্ত অঞ্চলে তীব্র শীত পড়ছে। কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকছে। অনেকেই এখনো আশ্রয় খুঁজে পায়নি। জাতিসংঘের দেওয়া তথ্য অনুসারে, সেখানে এখনো লাখো মানুষের খাবার, সুপেয় পানি ও আশ্রয় প্রয়োজন। এই গৃহহীনদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এই পরিস্থিতি তুলে ধরে জেমস এল্ডার বলেন, অনেক পরিবারই তাদের শিশুদের নিয়ে রাস্তায়, বিপণিবিতানে, স্কুলে, মসজিদে, বাসস্ট্যান্ডে এমনকি সেতুর নিচে ঘুমাচ্ছে।  সেখানে যেসব শিশু বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছে জানিয়ে জেমস এল্ডার বলেন, শিশুদের নিয়ে অনেক পরিবারই তীব্র শীত, তুষার ও বৃষ্টির মধ্যে দিনাতিপাত করছে। এর কারণে অনেক শিশু হাইপোথারমিয়া ও শ্বাসযন্ত্রের নানা জটিলতায় ভুগছে।আরটি

এনবিএস/ওডে/সি

Walton Ads