তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ কাজে ১০০ কোটি ডলার চাইল জাতিসংঘ

জাতিসংঘ তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ তৎপরতা চালানোর জন্য ১০০ কোটি ডলার প্রদানের আবেদন জানিয়েছে। সিরিয়ার ক্ষতিগ্রস্তদের জন্য ৪০ কোটি ডলারের সাহায্যের আবেদন জানানোর পর তুরস্কের ক্ষতিগ্রস্তদের জন্য এ আবেদন জানালো বিশ্ব সংস্থা।


জাতিসংঘ এইড চিফ মার্টিন গ্রিফিথস গত বৃহস্পতিবার বলেন, দেশটির “জনগণ অবর্ণনীয় দুর্দশা ও বিপর্যয়ের” শিকার হয়েছে। আর আগে তিনি তুরস্ক সফর করেন। গ্রিফিথস বলেন, “এ কঠিনতম সময়ে আমাদেরকে অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াতে হবে এবং তাদের যেসব চাহিদা রয়েছে তারা যাতে তা পায় আমাদেররকে তা নিশ্চিত করতে হবে।”

গত ৬ ফেব্রুয়ারির প্রলয়ংকরি ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে ৩৬,১৮৭ জন এবং সিরিয়ায় ৫,৮০০ জন নিহত হয়। এদিকে তুরস্কে উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। তবে লোকদেরকে উদ্ধার করার সংখ্যা অনেক কমে এসেছে।

ভূমিকম্পের ১০ দিনেরও বেশি পর গত বৃহস্পতিবার কাহররমানমারাস অঞ্চল থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়। তবে এখন জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে পড়েছে। টিআরটি ওয়ার্ল্ড জানায়, বিধ্বস্ত এপার্টমেন্ট ব্লকের  ধ্বংসস্তুপ থেকে ১৭ বছরের মেয়েটিকে ভূমিকম্প আঘাত হানার ২৪৮ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads