ভারত উপমহাদেশের হিমালয় ঘেষা অঞ্চলে ভূমিকম্পের উকিঝুঁকি

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, শুক্রবার ভোররাতে হঠাৎ করেই কেঁপে উঠে জম্মুর কাটরা শহর। এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীর থেকে উৎপন্ন হয়েছে এই ভূমিকম্পের। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

তুরস্ক-সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পের রেশ শেষ হওয়ার আগেই বিশ্বের নানা প্রান্ত থেকে খবর আসছে ভূমিকম্পের। ভারতে গত কয়েক দিন ধরেই ঘনঘন ভূমিকম্পের ঘটনা ঘটছে। এবার পরপর দু’দিন ভূমিকম্প হলো মেঘালয়ে। এই ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটেও। মেঘালয়ে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। ভোর সাড়ে ছ’টায় এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে, মাটি থেকে ৪৬ কিলোমিটার গভীরে। শুধু মেঘালয় নয়, আসাম ও গুয়াহাটির বেশ কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়।

এর আগে গত সোমবার সকালেই সিকিমের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়। ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহর কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর-পশ্চিম হিমালয়ে অদূর ভবিষ্যতে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এমনিতেই হিমালয় পার্বত্য এলাকা ভূমিকম্পনপ্রবণ।

ভূবিজ্ঞানী ও পরিবেশবিদরা বলছেন, গোটা হিমালয়ের ভূস্তর আরও অস্থির হয়ে গেছে। এর ফলে মাঝারি মাত্রার ভূমিকম্পের পরেও শক্তিশালী ভূমিকম্পোত্তর কম্পন (আফটার শক) অনুভূত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উত্তর-পশ্চিম দিকে মানে পাকিস্তানের কাছে ভূ-অভ্যন্তরে তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে ট্রাই-জাংশন তৈরি হয়েছে। ওই এলাকাই সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। মাটির নীচে যেন প্রচণ্ড শক্তিশালী তরঙ্গের স্রোত বইছে এবং তা মাঝে মাঝেই মৃদু কম্পনের আকারে বাইরে বেরিয়ে এসে চাপমুক্ত হয়। তাই তেমন কোনও বড় পরিবর্তন না হলে ওই এলাকায় ধারাবাহিকভাবে বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, গোটা হিমালয় অঞ্চলের পরিস্থিতি দারুণ রকম নড়বড়ে হয়ে পড়েছে। ব্যাপক ভাবে জঙ্গল ধ্বংস আর ভূকম্পপ্রবণ অঞ্চলে বিধি ভেঙে যত্রতত্র বাড়ি-সেতু-হোটেল ইত্যাদি গজিয়ে ওঠায় ঝুঁকি আরও বাড়ছে। নেপাল, সিকিম, কাশ্মীর কিংবা আসাম-অরুণাচলে অদূর ভবিষ্যতে একাধিক অতি প্রবল ভূমিকম্প ডেকে আনতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা।

এনবিএস/ওডে/সি

Walton Ads