ভারতে বিবিসির অফিসে তল্লাশি শেষে দপ্তর ছেড়েছেন আয়কর কর্মকর্তা
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ওই সার্ভে বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ শেষ হয়। বিবিসির প্রেস অফিস বলেছে, আমরা আয়কর দপ্তরের কর্মকর্তাদের সবরকম সহযোগিতা করবো। আর আশা করব যে, এই বিষয়টার দ্রুত নিষ্পত্তি হবে। কর্মীদের পাশেই আছে সংস্থা, তাদের খেয়ালও রাখা হচ্ছে।
আমাদের বিশেষ করে ওই সহকর্মীদের দিকে বেশি নজর দিতে হচ্ছে, যাদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজনকে তো দপ্তরেই রাতেও থাকতে হয়েছে। তাদের দিকে নজর দেওয়াই আমাদের সবথেকে বড় অগ্রাধিকার- বলেছে বিবিসির প্রেস অফিস।
বিবিসির প্রেস অফিস বলেছে, আমাদের কাজকর্ম স্বাভাবিক হচ্ছে। আমরা পাঠক, শ্রোতা আর দর্শকদের নিরপেক্ষ সংবাদ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবিসি একটি নির্ভরযোগ্য, স্বাধীন সংবাদ প্রতিষ্ঠান এবং আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশেই আছি, যারা কোনো নির্ভীকভাবে, কোনো আনুকুল্য ছাড়া সংবাদ দিতে থাকবেন।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আয়কর বিভাগের এক মুখপাত্র বলেছেন, সার্ভে চলাকালীন শুধু সেই সব কর্মীদেরই বয়ান নেওয়া হয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। মূলত অ্যাকাউন্টস এবং কন্টেন্ট ডেভেলপমেন্ট বিভাগের কর্মীদেরই বয়ান নেওয়া হয়েছে।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন, সার্ভে চলাকালীন ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়নি। বিবিসির সংবাদকর্মীদের মধ্যে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ নয় বলে মনে করা হয়েছে, তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
এনবিএস/ওডে/সি