বেশ করেছি বেলুন নামিয়েছি, জিনপিংয়ের সঙ্গে কথা বলব, শেষ দেখে ছাড়ব,’ চিনকে কড়া হুঁশিয়ারি বাইডেনের
আমেরিকার আকাশসীমায় ওড়া চিনা গুপ্তচর বেলুন (China Balloons) গুলি করে নামিয়েছে হোয়াইট হাউস। এ জন্য কোনও ভাবেই চিনের কাছে তিনি ক্ষমাপ্রার্থী নন বলেই স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি জানিয়েছেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি এই নিয়ে কথা বলবেন তিনি। তবে সেইসঙ্গেই বাইডেনের মন্তব্য, ‘আমি এর শেষ দেখে ছাড়ব!’
অর্থাৎ গুপ্তচর বেলুন নিয়ে কোনও ভাবেই সুর নরম করতে রাজি নয় আমেরিকা। গত মাস থেকেই আমেরিকার মন্টানার এয়ারস্পেসে রহস্যজনক বেলুন ওড়া নিয়ে তোলপাড় পড়ে যায়। মন্টানার ওই এয়ারস্পেসেই পরমাণু অস্ত্র পরীক্ষা ও উৎক্ষেপণ করে আমেরিকা। তাই এই বেলুনকে নিছক সাধারণ জিনিস হিসেবে দেখেনি আমেরিকা। এই সময়ে হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়, এটি চিনের স্পাই বেলুন, যা আমেরিকার উপরে নজরদারি করার জন্য পাঠানো হয়েছে। চিনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়।
কিন্তু এই মাসের গোড়া থেকে পরিস্থিতি বদলে যায়। গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যারোলিনার উপকূলের কাছে মিসাইল ছুড়ে ওই রহস্যজনক বেলুনকে ধ্বংস করা হয়। এরপরই চিনের তরফে আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। চিন দাবি করে, আবহাওয়া ও জলবায়ু গবেষণার কাজে ওই বেলুন উড়ছিল, নজরদারির জন্য নয়। এবার চিনের সেই হুঁশিয়ারির কড়া জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই চিনা বেলুন প্রসঙ্গে গতকাল, বৃহস্পতিবার জো বাইডেন বলেন, ‘আমি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলব ভেবেছি, আমি এর শেষ দেখে ছাড়ব। আমি চিনের সঙ্গে নতুন করে কোনও ঠান্ডা লড়াই শুরু করতে চাই না, তবে ওই স্পাই বেলুন ধ্বংস করার জন্য আমি মোটেও ক্ষমাপ্রার্থী নই। আমেরিকার নাগরিকদের সুরক্ষা ও প্রতিরক্ষাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
খবর দ্য ওয়ালের?এনবিএস/২০২৩/একে