বুলগেরিয়ায় পরিত্যাক্ত ট্রাকে ১৮ মরদেহসহ উদ্ধার ৫২
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বুলগেরিয়ার কর্মকর্তারা একথা জানান।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ট্রাকটি কাঠ বহন করছিল। এরমধ্যে লুকিয়ে উদ্ধাস্তু ও অভিবাসীদের আনা হয়েছিল।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী এসেন মেদঝিদিয়েভ বলেন, জীবিতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাদের অনেকের অবস্থা সংকটাপন্ন তবে স্থিতিশীল।
তিনি সাংবাদিকদের বলেন, তাদেরকে ট্রাকের যেখানে রাখা হয়েছিল সেখানে অক্সিজেনের অভাব ছিল। তারা ঠান্ডায় জমে ভিজা অবস্থায় ছিল এবং কয়েকদিন কিছু খায়ওনি। রাজধানী সোফিয়ার কাছে মহাসড়কের পাশে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ট্রাক চালক সেখানে ছিল না। তবে পুলিশ কাঠ বোঝাই ট্রাকের গোপন প্রকষ্ঠে যাত্রীদের আবিস্কার করে। তারা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানায়নি। পুলিশ পলাতক ট্রাক চালকের পরিচয় জানার চেষ্টা করছে।
মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান থেকে উদ্বাস্তু ও অভিবাসী ইচ্ছুক লোকদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাচারের রুটে বুলগেরিয়ার অবস্থান। বুলগেরিয়ায় আসা লোকেরা সেখানে থাকে না। তারা পশ্চিম ইউরোপের আরও ধনী দেশগুলোতে চলে যায়। মানব পাচারচক্র লোকদেরকে কঠিন অবস্থায় পাচারের চেষ্টা চালায় যাতে প্রায় প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটে।
এনবিএস/ওডে/সি