সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৫৩
ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে সিরিয়া এখন বিধ্বস্ত অবস্থার শিকার। এই প্রতিকূলতার মধ্যে গত শুক্রবার সিরিয়ার মধ্যঞ্চালীয় প্রদেশ হোমসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় নিহত হয়েছে অন্তত ৫৩ জন। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সিরিয়া সরকারের অভিযোগ, এ হামলার পেছনে ইসলামিক স্টেটস (আইএস) জড়িত। তবে আইএসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোন স্বীকারোক্তি দেওয়া হয়নি। গত এক বছরের মধ্যে সিরিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। গত শুক্রবার সকালে সিরিয়ার এলোপাতাড়ি গুলি চালায় আইএসবাহিনী। স্থানীয় পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ আদি জানান, হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৪৬ জন বেসামরিক মানুষ ও ৭ জন সিরীয় সেনা রয়েছেন।
হামলায় নিহতদের লাশ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, এই হাসপাতালে নেওয়া নিহতদের সবার মাথায় গুলির ক্ষত আছে। এছাড়া হামলায় বেঁচে যাওয়া এক ব্যাক্তি বলেছেন, আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
ওই দিনই সিরিয়ায় আইএসের একজন জ্যেষ্ঠ নেতাকে ধরার জন্য তল্লাশি অভিযান চালায় মার্কিন সেনারা। এ সময় বিস্ফোরণে চার সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এর মধ্যে বিভিন্ন সময় দেশটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
এনবিএস/ওডে/সি