ধর্ষণের অভিযোগে ইরানে পুলিশপ্রধানের ১৫ মাসের কারাদণ্ড

১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইরানে একজন পুলিশপ্রধানকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার ইরানের বিচার বিভাগ বলেছে, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের ভুয়া বিবৃতি, হুমকির কারণেও তাকে কারাদণ্ড দেওয়া হয়।

বিচার বিভাগের সংবাদ সংস্থা জানিয়েছে, গত ৩ ডিসেম্বর সামরিক ট্রাইব্যুনাল চাবাহার শহরের সাবেক পুলিশ কমান্ডার ইব্রাহিম কোচাকজাইকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন। গত ৯ নভেম্বর কর্নেল কোচাকজাইকে নিয়ে খবর প্রকাশ করে ফারহিখতেগান পত্রিকা। ভাইকে হত্যার অভিযোগে দক্ষিণ পূর্বাঞ্চলের একটি বন্দরে ১৫ বছরের এক কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

জিজ্ঞাসাবাদের সময় কোচাকজাইয়ের সঙ্গে ওই কিশোরী একা ছিলেন এবং সে সময় কোন নজরদারি ক্যামেরাও ছিল না। এই ঘটনার পর বাড়ি ফিরে ওই কিশোরী অভিযোগ করেছে যে পুলিশ কমান্ডার তাকে ধর্ষণ করেছে। কর্তৃপক্ষ এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়।

তবে চিকিৎসক জানিয়েছে, কিশোরীকে ধর্ষণ করা হয়নি। কিশোরীর পরিবার স্বাস্থ্য পরীক্ষকের মন্তব্য মেনে নিতে রাজি হয়নি। এ ঘটনার পর সিস্তান- বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরে সংঘর্ষ ও বিক্ষোভ হয়েছে। চাবাহার এখানেই অবস্থিত। সিস্তান- বেলুচিস্তান প্রদেশে সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠী বসবাস করে। প্রায়ই এখানে সহিংসতার ঘটনা ঘটে। জাহেদান ও চাবাহার শহরে ইরানের সংখ্যালঘু সুন্নি জনগোষ্ঠীর বসবাস।

কোচাকজাইয়ের বিরুদ্ধে থাকা আরও অভিযোগের তদন্ত চলছে। গত সেপ্টেম্বরে বিক্ষোভের পর কর্তৃপক্ষ দুজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেছে। তাদের মধ্যে জাহেদানের পুলিশপ্রধানও রয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads