সমর্থকদের বাধায় ইমরান খানকে গ্রেপ্তারে ব্যর্থ পুলিশ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের লক্ষ্যে বিপুল সংখ্যক পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে লাহোরের জামান পার্ক বাড়িটি ঘেরাও করে।
সূত্রগুলো জানিয়েছে, জামান পার্কের ভিতরে প্রবেশ ও বাহির হওয়ার পথ সিল করে দিয়েছে পুলিশ। বাড়ির সামনের রাস্তাও ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে। তিনটি প্রিজনার ভ্যান ও কয়েকটি পুলিশের গাড়ি বাড়ির চারদিকে টহল দিচ্ছে। পিটিআইয়ের স্থানীয় নেতা ও বিপুল সংখ্যক কর্মী নেতার গ্রেপ্তার ঠেকাতে বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন।
অবস্থান নেওয়া পিটিআই নেতারা বলেছেন, তারা প্রিজন ভ্যান দেখে শঙ্কিত নন। তারা ইমরান খানের সমর্থনে এবং বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তুলেছে এলাকা। সারা রাত ধরে জোরে জোরে গানও বাজানো হয়। একইসঙ্গে পিটিআই কর্মীরা রাস্তা থেকে ব্যারিকেডও সরিয়ে ফেলেছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরই ইমরান খান ও তার সমর্থকরা পাকিস্তানের নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ করেছিলেন। সেই ঘটনাতেই ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গত মঙ্গলবার পাকিস্তানের সন্ত্রাসবাদ প্রতিরোধ আদালত এই মামলায় ইমরান খানের জামিনের আবেদন খারিজ করে দেয়।
বৃহস্পতিবার লাহোর হাইকোর্টও আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর থেকেই জল্পনা শুরু হয় যেকোনও মুহূর্তেই ইমরান খানকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।
বৃহস্পতিবার রাতে পুলিশের একটি ভ্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়ির বাইরে হাজির হয়। কিন্তু ভ্যান থেকে নামতেই পুলিশ দেখতে পায়, হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থকেরা ইমরান খানের বাড়ির বাইরে বসে রয়েছেন। পুলিশ দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করলেও, ভিড় ঠেলে বাড়ির গেটের সামনেও পৌঁছাতে পারল না।
জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ অতিরিক্ত বাহিনী আনাতেই পিটিআই সমর্থকদেরও ভিড় বাড়তে শুরু করে।
এদিকে পিটিআই নেতা মুসারত জামশেইদ চিমা হুশিয়ারি দিয়েছেন, যদি সরকার ইমরান খানকে গ্রেপ্তার করার চেষ্টা করে, তবে সারা দেশ রাস্তায় নেমে আসবে।
এনবিএস/ওডে/সি