ধ্বংস নয়, রাশিয়ার পরাজয় চান ম্যাক্রোঁ
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চান, তবে ধ্বংস চান না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। গত শনিবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেছেন, আমি রাশিয়াকে পরাজিত অবস্থায় দেখতে চাই। আমি চাই, ইউক্রেন নিজের অবস্থান রক্ষায় সক্ষম হয়ে উঠুক। তবে যারা দীর্ঘায়িত একটি যুদ্ধের মাধ্যমে রাশিয়ার ধ্বংস কামনা করছে, তাদেরকে নিয়ে সমালোচনা করেছেন তিনি।
নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনকে আরও সামরিক অস্ত্র সহায়তা এবং রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছেন। ম্যাক্রোঁ বলেছেন, অন্যদের মতো আমি মনে করি না যে রাশিয়াকে পরাজয়ের জন্য রাশিয়ার মাটিতে আক্রমণ চালাতে হবে। ফ্রান্স কখনও তাদের এই সিদ্ধান্তে একমত ছিল না এবং একমত হবেও না।
গত শুক্রবার মিউনিখে সম্মেলনের ভাষণে ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, মস্কোর সঙ্গে আলোচনা করার উপযুক্ত সময় এটি নয়। তবে এই সংকটাপন্ন অবস্থায় শান্তিপূণর্ আলোচনা ছাড়া বিকল্প কোন উপায়ও আর নেই। মস্কোকে মিউনিখের নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর প্রেক্ষিতে ম্যাক্রোঁ বলেছেন, মস্কোকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে, রুশ হামলার পাল্টা জবাব দিতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র উপায় হলো ইউক্রেনের সামরিক সহায়তা বৃদ্ধি।
এনবিএস/ওডে/সি