ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান: প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তান দেউলিয়া হওয়ার জন্য সামরিক বাহিনী, আমলাতন্ত্র ও রাজনীতিবিদসহ সকল পক্ষই দায়ী। গত শনিবার শিয়ালকোটে একটি কলেজের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডন
খাজা আসিফ বলেন, আপনারা সকলে জানেন বর্তমানে পাকিস্তানে এক ধরনের অর্থনৈতিক দুর্দশা চলছে। যার কারণে এখন আমরা একটি দেউলিয়া দেশে বসবাস করছি। তার মতে, নিজ পায়ে দাঁড়ানোর জন্য একটি স্থিতিশীল দেশ দরকার। আমাদের সমস্যাগুলোর সমাধান আমাদের দেশেই আছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সুরাহা নেই।
গত সাত দশক ধরে অভিজাতদের সংবিধান ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা থেকেই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন খাজা আসিফ।
বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন সাবেক পিটিআই সরকারকে কটাক্ষ করে প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আনা হয়েছিল যা শেষ পর্যন্ত সন্ত্রাসবাদের বর্তমান তরঙ্গে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে বন্দর নগরী করাচিতে পুলিশের একটি দপ্তরে হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে নিরাপত্তা বাহিনীগুলো সাহসীকতার সাথে আক্রমণকারীদের বিরুদ্ধে লড়েছে।
এনবিএস/ওডে/সি