দূতকে বের করার পর ইসরায়েলের পর্যবেক্ষক মর্যাদাও বাতিল করল এইউ
আফ্রিকান ইউনিয়নে এইউ ইসরায়েলের পর্যবেক্ষক মর্যাদা বাতিল করা হয়েছে। এ কারণেই ইসরায়েলকে গত শনিবারের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। এইউ কমিশনের প্রধান মুসা ফাকি মাহামত রোববার এ কথা জানান। এইউর একটি অনুষ্ঠান থেকে ইসরায়েলের এক কূটনীতিককে বের করে দেয়ার পর দেশটিরই পর্যবেক্ষক মর্যাদা বাতিলের খবর এল।
ইথিউপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গত শনিবার অনুষ্ঠিত এইউর বার্ষিক সম্মেলন কক্ষ থেকে ইসরায়েলি রাষ্ট্রদূত শ্যারন বার লিকে বের করে দেয়া হয়। বিনা আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। এএউ জানায়, শ্যারনকে আমন্ত্রণ জানানো হয়নি। এইউতে ইসরায়েলের রাষ্ট্রদূত আলেলি আদমাসুকে ‘অ-হস্তান্তরযোগ্য’ আমন্ত্রণপত্র দেয়া হয়েছিল। সেই আমন্ত্রণপত্র ব্যবহার করেই শ্যারন অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা রাষ্ট্রদূত শ্যারন বার-লিকে অডিটোরিয়ামের বাইরে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। কিছু সময়ের জন্য বাগবিতণ্ডায় জড়ান তিনি। তবে পরে বের হয়ে যান।
এএইউর চেয়ারম্যানের মুখপাত্র ইবা কালোন্দো বলেছেন, শ্যারনকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়েছিল। কারণ তিনি ইথিওপিয়ায় যথাযথভাবে ইসরায়েলের স্বীকৃত রাষ্ট্রদূত ছিলেন না।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, শ্যারন স্বীকৃত পর্যবেক্ষক ছিলেন। আলজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো গুটিকয়েক দেশের কারণে শ্যারনকে এইউর অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে হয়েছে।
এনবিএস/ওডে/সি