আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে বার্তা দিলেন মমতা
মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই বাংলার মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, 'ভাষা মোদের ভালোবাসা/সবাইকে নিয়ে বাঁচার আশা। 'অমর 'একুশ' নিয়ে বলতে গিয়ে মমতা লিখেছেন, 'মাতৃভাষা আমাদের আত্মার শরিক, প্রাণের স্পন্দন। নিজের ভাষার গৌরব ও অধিকার রক্ষার্থে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের জানাই সশ্ৰদ্ধ প্ৰণাম।' আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মঙ্গলবার দেশপ্রিয় পার্কের এক অনুষ্ঠানে তিনি বলেন, 'এখন অনেকে বাংলা জানলেও বাংলায় কথা বলেন না। ছেলেমেয়েরা ইংরেজিতে পড়াশুনা বেশি করে আমি মানছি। অন্য ভাষা শিখুন তাতে আমার আপত্তি নেই। ভালো করে শিখুন। কিন্তু, যখন বাড়িতে আমরা খেতে বসি তখন অন্তত বাবা-মায়ের সঙ্গে বাংলায় কথা বলা উচিত। অন্য ভাষা শিখুন কিন্তু বাংলাকে ভুলে নয়।'
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, মা আর মাদার কমন শব্দ। মাকে কেউ আম্মা বলে, এটা আপনাকে মেনে নিতে হবে না।
আপনাকে তো মা বলতে কেউ বারণ করেনি। ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে, এটা বাংলাদেশের ভাষা। আর বাংলাদেশ থেকে যাঁরা এপারে এসেছেন, তাঁরা সযত্নে গ্রহণ করেছেন। আমি তো কারোর মাতৃভূমিকে বদলাতে পারি না। যেটা শিখে এসেছে, সেটা সে বদলাবে কীভাবে?' পানি-দাওয়াত, বাংলা ভাষা। মাতৃভাষা দিবসে শুভাপ্রসন্ন জানান, 'বহু কারণে বাংলা ভাষায় সাম্প্রদায়িকতার ছাপ পড়ছে। আমরা বাংলা ভাষায় পানি ব্যবহার করি না । আমরা দাওয়াত দিই না। ভাবতে হবে কোন ভাষা আমাদের।'
এর বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে আসা মানুষ জলকে পানি বলেন। তাঁরা ওই ভাষাকে ধরে রেখেছেন। তাঁরা অতিথিসেবাকে দাওয়াত দেওয়া বলেন। যদি উদার মন নিয়ে এগুলোকে গ্রহণ না করা যায় তাহলে ভাষার প্রসার হবে না।'
এনবিএস/ওডে/সি