দিল্লির মেয়র নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি অবেরয়
ভারতের দিল্লিতে বিজেপির ১৫ বছরের অবসান ঘটিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আম আদমি পার্টির (আপ) শেলি অবেরয় (৩৯)।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দিল্লি হাউজে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভোটাধিকার প্রয়োগ করেন ২৬৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি। ৩ বার ভেস্তে যাওয়ার পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বুধবার (২২ ফেব্রুয়ারি) মেয়র নির্বাচনে আম আদমি পার্টির শেলি অবেরয় ৩৪ ভোটে হারিয়ে দিলেন বিজেপির রেখা গুপ্তকে। শেলি পেয়েছেন ১৫০ ভোট, রেখা পেয়েছেন ১১৬। নির্বাচন শেষে ভোট গণনা করে শেলি অবেরয়কে দিল্লির মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
২০২২ সালের ডিসেম্বরে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৫০টি কাউন্সিলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে এককভাবে ১৩৪টি কাউন্সিলে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় আম আদমি পার্টি। বিজেপি জয় পায় ১০৪টি কাউন্সিলে। এর আগে ১০ মনোনীত ব্যক্তির ভোট দেয়াকে ঘিরে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে দ্বন্দ্বের কারণে গত ৬ ও ২৪ জানুয়ারি এবং গত ৬ ফেব্রুয়ারি দিল্লির মেয়র নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও তা ব্যর্থ হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশনায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আপ পৌর সদস্যরা উৎসবে মেতে ওঠেন। শুরু হয়ে যায় অকাল হোলি। পৌরসভার ভেতরেই আপ সদস্যরা একে অন্যকে আবির মাখিয়ে দেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সবাইকে অভিনন্দনবার্তা পাঠান।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র নির্বাচনের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশনের তিনি আজীবন সদস্য। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে দর্শনে ডক্টরেট করেছেন।
মেয়র নির্বাচন শেষে এখন ডেপুটি মেয়র এবং ৬ সদস্যের স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হবে। স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে আম আদমি ৩টি এবং বিজেপি ২টি পদ পাবে। অপর পদটি কোন দল পাবে সেটি এখনো নিশ্চিত নয়।
এনবিএস/ওডে/সি