এক সপ্তাহ পর খুলে দেওয়া হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
দুই দেশই সীমান্ত খুলে দেওয়ায় সীমান্ত পারাপার পূর্ণোদ্যামে আবার শুরু হয়েছে। এ সীমান্ত পথটি আফগানিস্তানের তালিবান সরকার এক সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছিল। তাতে খাদ্য ও পণ্যের হাজার হাজার ট্রাক এবং সাধারণ মানুষ আটকা পড়ে।
ইসলামাবাদে আফগানিস্তান দূতাবাস তুরখাম সীমান্ত পথ পুনরায় খুলে দেওয়ার বিষয়টি টুইটারে ঘোষণা করে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তারা এবং নানগারহার প্রদেশে তালিবান সরকার নিয়োজিত প্রশাসকও যাত্রী ও ব্যবসার জন্য খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সীমান্তের একজন কর্মকর্তা আনাদুলু বার্তা সংস্থাকে বলেছেন, ‘আমরা আফগান সীমান্তে আটকা পড়া পাকিস্তানিদের ফেরানোর জন্য শুক্রবার সন্ধ্যায় সাময়িকভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। পরে শনিবার সকালে পুরোপুরি খুলে দিয়েছি।’
পাকিস্তান ও আফগানিস্তানের দুই হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের কোথাও না কোথাও কিছু না কিছু নিয়ে বিরোধ এমনিতেই লেগে আছে। তার মধ্যে তুরখামই একমাত্র সীমান্ত পথ, যেখান দিয়ে একদেশ থেকে আরেক দেশে লোকজন যাতায়াত করেন।
গত রোববার থেকে যারা সীমান্ত খোলার অপেক্ষায় অস্বস্তি নিয়ে বসে ছিলেন, সীমান্ত খুলে দেওয়ার পর তারা আনন্দে মেতে উঠেন। সীমান্ত বন্ধ করে দেওয়ার সময় তালিবানরা অভিযোগ করেন, পাকিস্তান সরকার চিকিৎসার জন্য আফগানদের দেশটিতে যেতে দিচ্ছে না।
গত সোমবার আফগান তালিবান ও পাকিস্তানের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হয়। তাতে পাকিস্তানের একজন নিরাপত্তাকর্মী আহত হয়। তারপর থেকেই সীমান্ত পথটি খুলে দেওয়ার জন্য দুই দেশের কর্মকর্তা পর্যায়ে আলোচনা শুরু হয়।
বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও গোয়েন্দা প্রধান নাদিম আনজুম কাবুল যান। তারা তালিবান কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত খুলে দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা করেন।
এনবিএস/ওডে/সি