যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ছিটকে গেল চার বগি, দাউদাউ করে জ্বলে উঠল আগুন


একই লাইনে মুখোমুখি চলে এসেছিল দুই ট্রেন। সিগন্যালের গোলমাল খেয়ালই করেননি কন্ট্রোল রুমের কর্মী। বুধবারের ভোররাত। মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল আগুন (Train Accident)। মালবাহী ট্রেনের কিছু অংশ তখন যাত্রীবাহী ট্রেনের ভেতর ঢুকে গেছে। সংঘর্ষে ছিটকে লাইন থেকে বেরিয়ে গেছে চার বগি। আগুন জ্বলছে দুই ট্রেনে।
ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছে গ্রিসে (Greece)। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ২৯ জনের। তবে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। জখম বহু। উদ্ধারকাজ শুরু করা হয়েছে। 
এথেন্স থেকে ট্রেনটি যাচ্ছিল থেমোসালোঙ্কিতে। গ্রিসের টেম্পো শহরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনের সিগন্যালিংয়ের গন্ডগোলের কারণেই একই লাইনে দুটি ট্রেন চলে আসে। দুই ট্রেনের গতিও ছিল বেশি। সেকারণেই দুর্ঘটনা ভয়াবহ আকার নেয়। রেললাইন থেকে একাধিক বগি লাইনচ্যূত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বেশ কয়েকটি কামরায়।

হাসপাতালে ভর্তি যাত্রীরা বলছেন, মাঝরাতে মনে হয়েছিল ভূমিকম্প হচ্ছে। গোটা ট্রেনটাই দুলে উঠেছিল। তারপরেই দেখা যায় গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন আগুন… বলে চেঁচাতে থাকে অনেকে। আর্ত চিৎকার শুরু করে যাত্রীরা। 
স্থানীয় গভর্নর কোনস্ট্যানিওস অ্যাগোরাস্টোস জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি কামরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনায় এখনও অবধি ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন। তবে আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। ক্রেন আনা হয় লাইনচ্যুত কামরাগুলি সরানোর জন্য। সেনাবাহিনীর কাছেও সাহায্যের আবেদন চাওয়া হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে

Walton Ads